বিগত ‘ফ্যাসিস্ট’ সরকারের সময় উন্নয়ন কাজের অর্ধেকই দুর্নীতির মাধ্যমে নষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ওই সরকার গ্রামীণ কাঠামো ও সংগঠন ব্যবস্থা ধ্বংস করেছে এবং ব্যাপক লুটপাট চালিয়েছে। এসব পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সোমবার (৬ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে পল্লী উন্নয়ন বোর্ড আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে দেশের ১ লাখ ৮১ হাজার সমবায় সংগঠনের প্রতিনিধিরা উৎপাদিত পণ্য বাজারজাত করেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকার পল্লী উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধা পৌঁছে দিচ্ছে।
এদিকে সিরডাপ মিলনায়তনে পৃথক এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার এ খাতে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, ঝিমিয়ে পড়া পল্লী উন্নয়ন বোর্ডকে পুনরুজ্জীবিত করা হবে এবং গ্রামীণ উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা হবে।