আবু বক্কর সিদ্দিক, উখিয়া প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) বেলা দুইটার সময় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা রিফাত আসমার নিকট তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমাদানকালে জেলা বিএনপির এই শীর্ষ নেতার সঙ্গে দলের স্থানীয় ও জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাদের মধ্যে ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম মোক্তার আহমদ, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সারোয়ার জাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী ও টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি হাসান সিদ্দিক।
মনোনয়নপত্র জমা দিয়ে কার্যালয় থেকে বেরিয়ে শাহজাহান চৌধুরী উপস্থিত সাংবাদিকদের ও দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, “ধানের শীষ জনগণের আস্থার প্রতীক। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অংশ নিচ্ছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে এই আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।”
এ সময় কার্যালয়ের বাইরে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থককে জড়ো হতে দেখা যায়।
শাহজাহান চৌধুরী সাবেক সংসদ সদস্য হওয়ায় উখিয়া ও টেকনাফের রাজনৈতিক মহলে তার ব্যাপক প্রভাব রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে এই দুই উপজেলায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে নতুন করে চাঞ্চল্য ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী আজই ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।