কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
দলীয় কার্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কুয়াকাটা পৌর শাখার সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিনের সব দলীয় পদ স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পটুয়াখালী জেলা মহিলা দলের সভাপতি আফরোজা বেগম সীমা ও সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন রুমা স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
একই দিন থেকে এ আদেশ কার্যকর হয়েছে।
জেলা মহিলা দল সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর কুয়াকাটা পৌর মহিলা দলের সভানেত্রী মোসাঃ হামিদা বেগম জেলা মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, কুয়াকাটা পৌর বিএনপির কার্যালয়ে দলীয় কার্যক্রম চলাকালে সাবিনা ইয়াসমিন বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং অভিযোগকারী হামিদা বেগম, মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা ডলি ফাতিমা ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেলের সঙ্গে অশোভন আচরণ করেন।
এ ঘটনায় কুয়াকাটা পৌর বিএনপির পক্ষ থেকেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। পরে অভিযোগের ভিত্তিতে গত ৫ অক্টোবর জেলা মহিলা দলের পক্ষ থেকে সাবিনা ইয়াসমিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে তিন কার্যদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণসহ জেলা মহিলা দলের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়।
জেলা মহিলা দলের ২৯ অক্টোবরের চিঠিতে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে জবাব না দিয়ে তিনি সময়ক্ষেপণ করেন। পরবর্তী সময়ে লিখিত জবাব দিলেও তা সাংগঠনিকভাবে সন্তোষজনক হয়নি। এ কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতি, আদর্শ ও সংহতিপরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাঁর সব দলীয় পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিঠির অনুলিপি মহিলা দলের কেন্দ্রীয় কমিটি, পটুয়াখালী জেলা বিএনপি, কুয়াকাটা পৌর বিএনপি ও কুয়াকাটা পৌর মহিলা দলের সভানেত্রীর কাছে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এ সিদ্ধান্তের ফলে সাবিনা ইয়াসমিনের কুয়াকাটা পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক পদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত হয়েছে। তবে তাঁকে দল থেকে বহিষ্কারের বিষয়ে চিঠিতে কোনো উল্লেখ নেই।