মুন্সীগঞ্জ প্রতিনিধি
এইচএসসি পরীক্ষার ফলাফলে মুন্সীগঞ্জের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। প্রতিষ্ঠান তিনটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া মোট ১৩ জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন। এর মধ্যে একটি প্রতিষ্ঠানের ১০ জন এবং বাকি দুটি প্রতিষ্ঠানের যথাক্রমে একজন ও দুজন পরীক্ষার্থী ছিলেন।
ফলাফলে শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলো হলো সিরাজদিখান উপজেলার রাজদিয়া অভয় স্কুল অ্যান্ড কলেজ, শ্রীনগর উপজেলার হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজ এবং লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল গার্লস কলেজ।
শনিবার প্রকাশিত ফলাফল অনুযায়ী, রাজদিয়া অভয় স্কুল অ্যান্ড কলেজ থেকে ১০ জন পরীক্ষার্থী অংশ নিলেও তাঁদের কেউ পাস করতে পারেননি। হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া একমাত্র শিক্ষার্থীও অকৃতকার্য হয়েছেন। একইভাবে মেদিনীমণ্ডল গার্লস কলেজের দুজন পরীক্ষার্থীর কেউ উত্তীর্ণ হতে পারেননি।
অন্যদিকে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় মুন্সীগঞ্জ জেলায় সামগ্রিক পাসের হার ৫০ দশমিক ৬২ শতাংশ। জেলায় মোট ৮ হাজার ৬১৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪ হাজার ৩৬১ জন। জিপিএ-৫ অর্জন করেছেন ৫৫ জন। বাকি ৪ হাজার ২৫৪ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
উপজেলাভিত্তিক ফলাফল পর্যালোচনায় দেখা গেছে, পাসের হারে জেলার ছয়টি উপজেলার মধ্যে শীর্ষে রয়েছে লৌহজং। এ উপজেলায় পাসের হার ৬৪ দশমিক ৯১ শতাংশ। বিপরীতে সবচেয়ে পিছিয়ে রয়েছে গজারিয়া উপজেলা। সেখানে পাসের হার মাত্র ৩২ দশমিক ৯৪ শতাংশ।
জেলার সামগ্রিক ফলাফলে পাসের হার ৫০ শতাংশের বেশি হলেও তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীর অকৃতকার্য হওয়ার বিষয়টি উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী সংখ্যা, পরীক্ষার প্রস্তুতি ও শিক্ষার মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।