সোহেল রানা ,সিংগাইর প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে মসজিদের উন্নয়ন কাজে বাধা প্রদান এবং দ্বিতীয় তলার কাজের জন্য বিদ্যুতের তার সরানোকে কেন্দ্র করে গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা করার প্রতিবাদে মানববন্ধন করেছে মসজিদ কমিটি ও এলাকাবাসী।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাদ জুম্মা উপজেলার জামির্ত্তা ইউনিয়নের বকচর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মুসল্লি ও মামলার ভুক্তভোগীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি মো. বাবুল হোসেন বাদশা, সহ-সভাপতি মো. বিপ্লব হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, মসজিদে শুক্রবারসহ বিভিন্ন অনুষ্ঠানের দিনে মুসল্লিদের জায়গা না হওয়ায় দ্বিতীয় তলার কাজের উদ্যোগ নেয়া হয়। কিন্তু উপর দিয়ে বিদ্যুতের তার থাকায় কাজ ব্যাহত হয়।
মসজিদের জায়গা দিয়ে তার সরানোর চেষ্টা করলে পাশের জমির মালিক মো. সিদ্দিক ও তার ছেলে সানাউল্লাহ বাধা দিয়ে হুমকি ধামকি প্রদান করে। এমনকি অসহায় মুসল্লি ও মসজিদ কমিটির একাধিক সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মিথ্যা মামলা দায়ের করে।
তারা অভিযোগ করেন, সিদ্দিক গংরা মসজিদের উন্নয়ন কার্যক্রম বন্ধ করার চেষ্টা করছে এবং গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও নানা সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে এলাকায় অশান্তি সৃষ্টি করছে।
সাংবাদিকদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে এসব সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও বিদ্যুতের তার সরিয়ে মসজিদের উন্নয়ন কাজ করার দাবি জানান বক্তারা।
এসময় মসজিদের মুসল্লি, কমিটির সদস্যসহ শত শত এলাকাবাসি মানববন্ধনে অংশ নেন।