বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও হাতকড়ি পরানোর মাধ্যমে শুধু একজন মুক্তিযোদ্ধাকেই অপমান করা হয়নি, বরং মুক্তিযুদ্ধের ইতিহাসকেও অপমান করা হয়েছে।
শনিবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আপনারা আখতারুজ্জামানের হাতে হাতকড়ি পরাননি, হাতকড়ি পরিয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে।’ তিনি দাবি করেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার ঘটনায় বিএনপির মুক্তিযুদ্ধের প্রতি অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, মেজর আখতারুজ্জামান বিমানবন্দরের অব্যবস্থাপনা, যাত্রীদের লাগেজ ও ট্রলি না পাওয়া এবং জমজমের পানি নিয়ে অনিয়মের প্রতিবাদ করেছিলেন। এসব কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মাসুদ আরও বলেন, প্রকৃত অনিয়মের সঙ্গে জড়িতদের আড়াল করে একজন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অবিলম্বে এ ধরনের আচরণ বন্ধ না হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে এর প্রতিবাদ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।