চিলাহাটিতে একটি ধান ভাঙানোর মিলের তিনটি ১০ কেভি ট্রান্সফরমারের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। পরে ট্রান্সফরমারের বাকি অংশগুলো পাশের একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মিল মালিক সিরাজুল কবিরের তিনটি ট্রান্সফরমারের তার কেটে দুর্বৃত্তরা গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে নেয়। সকালে স্থানীয়রা তার কাটা অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি জানতে পারেন। পরে পুকুরে ট্রান্সফরমারের বাকি অংশ পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন এবং উদ্ধারকৃত অংশগুলো জব্দ করেন। পরে পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যদের উপস্থিতিতে সেগুলো মালিকের হেফাজতে রাখা হয়।
মালিকের ছেলে সম্পদ জানান, মামলা করার বিষয়ে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।