বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিমানবন্দরের অব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলার কারণে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তিনি অবিলম্বে মামলা প্রত্যাহার এবং রিমান্ডের আদেশ বাতিল করে আখতারুজ্জামানকে মুক্তি দেওয়ার দাবি জানান।
শনিবার (২ অক্টোবর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গোলাম পরওয়ার বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ, জমজমের পানি ও ট্রলি না পেয়ে অনেক যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। তার দাবি, বিমানবন্দরের অব্যবস্থাপনার ঘটনায় দুজনকে বরখাস্ত করার মধ্য দিয়ে কর্তৃপক্ষও পরিস্থিতির সমস্যাকে স্বীকার করেছে।
তিনি আরও বলেন, মামলায় আখতারুজ্জামানের বিরুদ্ধে গায়ে হাত দেওয়া ও লাঞ্ছিত করার অভিযোগ আনা হলেও ঘটনাস্থলে উপস্থিত সংসদ সদস্য কামাল হোসেনের বক্তব্য অনুযায়ী তিনি কারও গায়ে হাত তোলেননি। ভিডিও ফুটেজেও বিষয়টি দেখা যায় বলে দাবি করেন তিনি।
গোলাম পরওয়ার আখতারুজ্জামানকে হেলমেট পরানোর বিষয়েও প্রশ্ন তুলে বলেন, তিনি স্বেচ্ছায় পুলিশের সঙ্গে গেছেন। তাই তাকে কেন এমনভাবে উপস্থাপন করা হলো, সে বিষয়ে প্রশ্নের জবাব দিতে হবে।
সমাবেশে তিনি জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়েও বক্তব্য দেন এবং দলটিকে ‘গুপ্ত’, ‘স্বাধীনতাবিরোধী’ বা ‘গণহত্যাকারী’ হিসেবে আখ্যায়িত না করার আহ্বান জানান। ১৯৭১ সালের রাজনৈতিক অবস্থান নিয়ে জনগণের কাছে বিষয়টি ছেড়ে দেওয়ার কথাও বলেন তিনি।