পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জনতা মাধ্যমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৮টার দিকে লাগা আগুন মুহূর্তেই পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এতে বাবুল মিয়ার মুদি মনোহরি দোকানটি সম্পূর্ণ পুড়ে যায়। আগুন থেকে বাবুল মিয়া নিজে রক্ষা পেলেও দোকান ঘর ও মালামাল পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। স্থানীয় জনতা প্রায় একঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ইমাম হোসেন জানান, সকালে আগুন লাগার সময় আমি পাশেই ছিলাম। বিকট শব্দে আগুন জ্বলতে দেখতে পেয়ে দ্রুত দোকানের কাছে ছুটে যাই। কাছে গিয়ে দেখি সব পুড়ে যাচ্ছে, আমরা কোনো মালামালই বের করতে পারিনি। দোকানটির কাছে কোনো অগ্নি নির্বাপক সরঞ্জাম না পাওয়ার কারণে দ্রুত সময়ের মধ্যে আগুন নিভানো যায়নি।
ফলে দোকান ও দোকানে থাকা আসবাবপত্র, মালামাল পুরোপুরি পুড়ে যায়। এতে বাবুল মিয়ার প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। এটি নদী বিচ্ছিন্ন চরাঞ্চল এবং এখানে কোন ফায়ার সার্ভিস না থাকায় প্রায়শ এমন অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষতি সাধন হয়।
তিনি আরো জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় চোখের সামনে দোকান পুড়তে দেখে বাবুল মিয়া ঘটনাস্থলেই হিতাহিত জ্ঞান হারিয়ে দিক্বিদিক ছুটতে থাকার কারণে কোন মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, গ্যাস সংযোগ লিকেজের ফলে দোকানের সামনে থাকা গ্যাস সিলিন্ডারের গ্যাস মুহূর্তেই দোকানের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তাতে দ্রুত আগুনও ছড়িয়ে পড়ে। দোকান মালিক লাফ দিয়ে দোকান থেকে বেড়িয়ে পড়ে কোনমতে জীবন রক্ষা করে। সে ধার-দেনা করে দোকানটি করেছে। আগুনে পুড়ে সে আজ নি:স্ব হয়ে গেল।
এ ব্যাপারে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান জানান, অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে সেখানে প্রতিনিধি পাঠিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার চেষ্টা করেছি। ক্ষতিগ্রস্থ দোকান মালিককে প্রাথমিক সহায়তা করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেয়া হয়েছে।