পুলিশের হাতে আর কোনো মারণাস্ত্র না রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ সোমবার (১২ মে) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি—পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না। এসব অস্ত্র তাদের কাছ থেকে প্রত্যাহার করে নিতে হবে।” তিনি জানান, শুধু আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের হাতে অস্ত্র থাকবে, কারণ তাদের কাজ সাধারণ পুলিশের চেয়ে ভিন্ন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ঈদ সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁদাবাজি ও ছিনতাই রোধে সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তকে অনেকেই পুলিশের কর্মকাঠামোয় একটি বড় পরিবর্তন হিসেবে দেখছেন। সরকারের এই পদক্ষেপের ফলে পুলিশ বাহিনীর কাজের ধরন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কৌশলে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।