জাতীয় সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিলকে ‘কোরআন-সুন্নাহবিরোধী’ আখ্যা দিয়ে রাজধানীতে বিক্ষোভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিএনপি কোরআন-সুন্নাহবিরোধী আইন না করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গেলেও এখন সেই প্রতিশ্রুতি রক্ষা করছে না।
তিনি বলেন, মদিনা সনদ অনুযায়ী দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়ে সরকারে গিয়ে কোরআন-সুন্নাহবিরোধী আইন পাস করা হয়েছে। এর প্রতিবাদে বিরোধী দলের সংসদ সদস্যরা মুখে কালো কাপড় বেঁধে সংসদ থেকে ওয়াকআউট করেছেন।
গোলাম পরওয়ারের অভিযোগ, সংখ্যাগরিষ্ঠতার জোরে এ ধরনের আইন পাসের মাধ্যমে সরকার কর্তৃত্ববাদী শাসনের দিকে এগিয়ে যাচ্ছে। এর পরিণতি সরকারকে ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিরোধ আইন দুর্বল করা হয়েছে দাবি করে জামায়াতের এই নেতা বলেন, এসব পদক্ষেপ সরকারের ‘ফ্যাসিবাদী’ হয়ে ওঠার লক্ষণ।
সমাবেশে জামায়াত নেতা রফিকুল ইসলাম খান এমপি সরকারকে ‘ইসলামবিরোধী ও গণবিরোধী’ বলে আখ্যা দেন। তার অভিযোগ, মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিরোধ আইন দুর্বল করে ‘কালো আইন’ করা হয়েছে।
তিনি বলেন, সরকারের ‘ফ্যাসিবাদী হওয়ার কোনো খায়েশ’ না থাকলে দ্রুত এসব আইন বাতিল করতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম এবং দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপিসহ দলটির নেতারা।
সমাবেশ শেষে বায়তুল মোকাররম এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন জামায়াতের নেতাকর্মীরা।