সখীপুর , টাংগাইল প্রতিনিধি :
এসএসসি পাসের আনন্দে মিষ্টি না কিনে সেই টাকা ক্যান্সারে আক্রান্ত সহপাঠীর মায়ের চিকিৎসায় সহায়তা হিসেবে দিয়েছে টাঙ্গাইলের সখীপুরের কলতান বিদ্যানিকেতনের ২০২৬ সালের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা। তাদের এই মানবিক উদ্যোগে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকও অর্থসহায়তা করেছেন।
রোববার সকালে উপজেলার কালিদাস গ্রামের কলতান বিদ্যানিকেতনে সহপাঠী নাঈম সিকদারের দাদা সাত্তার সিকদারের হাতে চিকিৎসার জন্য মোট ৪০ হাজার টাকা তুলে দেওয়া হয়।
বিদ্যালয়ের পরিচালক মো. আমিনুল ইসলাম বাদল জানান, এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০ হাজার টাকা এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকরা আরও ২০ হাজার টাকা দিয়েছেন। সব মিলিয়ে ৪০ হাজার টাকা নাঈমের মায়ের চিকিৎসার জন্য দেওয়া হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুই-তিন দিন আগে নাঈমের মায়ের শরীরে ক্যান্সার শনাক্ত হয়। অসুস্থ মায়ের চিকিৎসায় বিপুল অর্থের প্রয়োজন হলেও নাঈমের পরিবার আর্থিকভাবে অসচ্ছল। এ অবস্থায় সহপাঠীর পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের সিদ্ধান্ত ছিল, এসএসসি পাসের আনন্দে মিষ্টিমুখ নয়, অসুস্থ মায়ের মুখে হাসি ফোটাব। সেই সিদ্ধান্ত থেকেই তারা মিষ্টি কেনার টাকা চিকিৎসা সহায়তা হিসেবে দেওয়ার উদ্যোগ নেয়। পরে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকরাও এতে অংশ নেন।
এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী ইমরান, জাহিদ ও আপন বলেন, এসএসসি পাসের আনন্দে মিষ্টিমুখ করার চেয়ে সহপাঠীর অসুস্থ মায়ের পাশে দাঁড়াতে পেরে আমরা বেশি আনন্দিত।
কলতান বিদ্যানিকেতনের কারিগরি (ভোকেশনাল) শাখা থেকে এবার এসএসসিতে জিপিএ-৪.৮২ পাওয়া নাঈম সিকদার বলেন, আমার মায়ের জন্য সবার কাছে দোয়া চাই। মায়ের পাশে দাঁড়ানোর জন্য সহপাঠী, শিক্ষক ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের প্রতি আমি কৃতজ্ঞ।
বিদ্যালয়ের পরিচালক মো. আমিনুল ইসলাম বাদল বলেন, শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগে আমি আনন্দিত ও আবেগাপ্লুত। নাঈমের মায়ের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই। পাশাপাশি শিক্ষার্থীদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানাই।