সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের জিতাশ্বরী (উত্তরপাড়া) এলাকায় প্রবাসী মো. মজনু মিয়ার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে চেতনানাশক প্রয়োগের মাধ্যমে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে গতকাল ১০ মে (রোববার) দিবাগত রাতে। প্রবাসী মজনু মিয়ার বাবা মো. সিদ্দিকুর রহমানের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। পরিবারের দাবি, জমি কেনার জন্য ঘরে রাখা নগদ ৭ লাখ টাকা, প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার, শাড়ি-কাপড়, প্রসাধনী সামগ্রীসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার পর প্রবাসীর স্ত্রী শেফালী আক্তার (৩৬) অসুস্থ হয়ে পড়লে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি জানান, সকালে ঘরের দরজা বন্ধ করে পাশের বাড়িতে গিয়েছিলেন। পরে ফিরে এসে ঘরের দরজা খোলা দেখতে পান। ঘরে রাখা জগের পানি পান করার পর থেকেই তিনি অসুস্থতা অনুভব করেন। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও রাতে একই ঘরে থাকা পরিবারের সদস্যরাও অসুস্থ হয়ে পড়েন।
পরিবারের ধারণা, চোরচক্র চেতনানাশক ব্যবহার করে এ ঘটনা ঘটিয়েছে।
শেফালী আক্তার আরও জানান, পুরোপুরি সুস্থ হয়ে উঠলেই তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন।
স্থানীয় ইউপি সদস্য মো. মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এলাকায় চুরি ও মাদকের বিস্তার রোধে প্রশাসনের আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
প্রতিবেশী সাবেক সেনা কর্মকর্তা আব্দুল মালেক (মিলিটারি) বলেন, প্রবাসী মজনু মিয়া দীর্ঘদিন কষ্ট করে জমি কেনার জন্য টাকা জমিয়েছিলেন। চোরচক্র পরিবারটিকে একেবারে নিঃস্ব করে দিয়েছে। সখীপুরবাসীর জানমালের নিরাপত্তায় পুলিশি টহল আরও জোরদার করা জরুরি।