গণতন্ত্র ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে শ্রমিক-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আত্মত্যাগ ও কষ্টের যথাযথ মূল্যায়ন করে প্রতিষ্ঠান ও দেশকে এগিয়ে নিতে হবে।
বুধবার (১২ আগস্ট) রাজধানীর বাংলা মোটরে বিআইডব্লিউটিসির প্রধান কার্যালয়ে বিআইডব্লিউটিসি এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে আয়োজিত ‘রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, দীর্ঘদিনের জুলুম-নির্যাতন পেরিয়ে দেশের মানুষ এখন মুক্তির পথে এসেছে। জুলাই-আগস্টের আন্দোলনে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন। দেশের ৫৫ বছরের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শ্রমিক, কৃষকসহ মেহনতি মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, আন্দোলনে অনেক পরিবার তাদের স্বজন হারিয়েছে। কর্মক্ষম বহু মানুষ শহীদ হয়েছেন, যাদের মধ্যে শ্রমিক-কর্মচারী ও শিক্ষার্থীরাও ছিলেন। দেশের শ্রমিক-কর্মচারী এবং তাদের নেতারা আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।
বিএনপির এই নেতা বলেন, বিএনপি সরকার বিআইডব্লিউটিসির কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক উন্নয়ন ও প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে। প্রতিষ্ঠানটির বিভিন্ন সমস্যা সমাধানেও উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানির দায়িত্ব নেওয়ার পর কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সমস্যার বিষয়ে কথা বলার প্রসঙ্গ তুলে ধরে দুদু বলেন, এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
বিআইডব্লিউটিসিকে লাভজনক ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রতিষ্ঠানটির সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সমাধানের উদ্যোগ নিতে হবে।
দেশের স্বাধীনতা ও গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলে দুদু বলেন, এসব ষড়যন্ত্র প্রতিহত করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিতে হবে। প্রতিষ্ঠানের উন্নয়নে কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
বিআইডব্লিউটিসি এমপ্লয়িজ ইউনিয়ন ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সরকার, চেয়ারম্যান ও কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
শামসুজ্জামান দুদু দাবি করেন, বিআইডব্লিউটিসি এমপ্লয়িজ ইউনিয়ন অতীতে আওয়ামী লীগের শাসনামলে মাথা নত করেনি। আন্দোলন-সংগ্রামে শ্রমিক-কর্মচারীদের যে ত্যাগ ও রক্ত ঝরেছে, তার মূল্য অনেক বেশি বলেও মন্তব্য করেন তিনি।
দেশকে সংকট থেকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে দুদু বলেন, ধ্বংসের আগে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। গণতন্ত্র, দেশ ও মানুষের স্বার্থে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি।
তিনি বলেন, একটি সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তোলার পথে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআইডব্লিউটিসি এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন। অনুষ্ঠানে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ও বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানি, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।