অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে তাদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলেও আশ্বাস দেন তিনি।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরল ইউনিয়নের আমিরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, এখন পর্যন্ত সরকারের উদ্যোগে বাঁশখালীতে প্রায় ৭৫ হাজার মানুষকে ত্রাণ সহায়তার আওতায় আনা হয়েছে। পাশাপাশি ৪০ হাজার মানুষের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনেও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল হক মিয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।