শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করতে চায় সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে সরকার তাকে স্বাগত জানাবে, কারণ সরকার ন্যায়বিচার ও ইনসাফ নিশ্চিত করতে চায়।
মঙ্গলবার (১৪ জুলাই) তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন—এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, সরকার শুরু থেকেই তার প্রত্যর্পণের চেষ্টা করছে এবং এ বিষয়ে ভারতের কাছেও আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।
তিনি বলেন, “আমরা যেহেতু তার আসার বিষয়ে চেষ্টা করছি, তাই তিনি যদি আসেন, আমরা তাকে স্বাগত জানাবো। আমরা ন্যায়বিচার নিশ্চিত করতে চাই।”
তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় রয়েছে। তিনি দেশে ফিরলে আদালতের মাধ্যমেই বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হবে। সরকার প্রত্যর্পণের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, শেখ হাসিনা চাইলে মামলায় নিজের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবেন। বিচারপ্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে পর্যবেক্ষক রাখা এবং বিচার কার্যক্রম ভিডিও ধারণের মতো ব্যবস্থার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
জাহেদ উর রহমান বলেন, জনগণ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে রায়ের বাস্তবায়ন দেখতে চায়। তবে আদালতই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, শেখ হাসিনা আদালতে নিজের পক্ষে যুক্তি উপস্থাপনের সুযোগ পাবেন এবং আদালত যদি ভিন্ন কোনো সিদ্ধান্ত দেয়, সেটিও মেনে নিতে হবে।
তিনি বলেন, “আমরা আদালতে গিয়েছি। আদালত যদি তাকে নির্দোষ প্রমাণ করে, অন্য কোনো সাজা দেয় বা খালাস দেয়—সেটিও ন্যায়বিচারের অংশ।”
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি কোনো ভূরাজনৈতিক সংকট নয়। এ বিষয়ে সরকারের ওপর কোনো চাপ রয়েছে বলেও তিনি মনে করেন না। ভারতের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সম্পন্ন হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, সেটি সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।