টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেন।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকা কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাইন্সল্যাব মোড়ে ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়কে অবস্থান নেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেক যাত্রীকে বিকল্প পথে কিংবা হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার পর থেকেই শিক্ষার্থীরা সাইন্সল্যাব এলাকায় জড়ো হতে থাকেন। পরে তারা সড়কে নেমে ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’, ‘ভোগান্তির দায় নিতে হবে’ এবং ‘বন্যা-জলাবদ্ধতায় পরীক্ষা নয়’—এমন বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিসংবলিত প্ল্যাকার্ডও ছিল।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় না নিয়েই এইচএসসি পরীক্ষা নেওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলের পরীক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন। জলাবদ্ধতা, যানজট ও যোগাযোগ সংকটের কারণে অনেকেই নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হিমশিম খেয়েছেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, তারা পরীক্ষার বিরোধিতা করছেন না; তবে সব পরীক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত না করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। তারা এ বিষয়ে দায়ীদের জবাবদিহির আওতায় আনারও দাবি জানান।
এদিকে বিক্ষোভকে কেন্দ্র করে সাইন্সল্যাব ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।