টানা ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে ঘিরে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবকদের ক্ষোভের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একটি ফোনালাপ নতুন আলোচনা তৈরি করেছে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে দাবি করেছে ছাত্রদল।
মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে গিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অডিওতে শিক্ষামন্ত্রী তাঁর নিজের মেয়েকে উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।
তাঁর দাবি, শিক্ষার্থীদের উদ্দেশ্যে ‘ফার্মের মুরগি’ মন্তব্য করা হয়নি; বরং একটি বৈঠকের প্রসঙ্গ টেনে মন্ত্রী নিজের মেয়ের উদাহরণ দিয়েছেন। এ কারণে বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে শোনা যায়, ঢাকা সিটি কলেজের এক পরীক্ষার্থীর সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, তিনি ব্যক্তিগতভাবে পরীক্ষা স্থগিতের পক্ষে ছিলেন। তবে জেলা প্রশাসন, শিক্ষা বোর্ড এবং আবহাওয়াবিদদের মতামতের ভিত্তিতে পরীক্ষা যথাসময়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। তিনি আরও জানান, বৈঠকে অধিকাংশ কর্মকর্তা পরীক্ষা পেছানোর বিপক্ষে মত দেন।
ফোনালাপে পরীক্ষার রুটিন ও বৈরী আবহাওয়ায় পরীক্ষার্থীদের ভোগান্তির বিষয়েও আলোচনা হয়। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, অংশীজনদের সঙ্গে আলোচনা করেই রুটিন নির্ধারণ করা হয়েছে এবং শিক্ষার্থীদের চাপ কমাতে পরীক্ষার মাঝে বিরতি রাখা হয়েছে।
এদিকে, ছাত্রদলও বন্যা ও জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত এলাকার পরীক্ষা সাময়িক স্থগিতের দাবি পুনর্ব্যক্ত করেছে। নাসির উদ্দিন নাছির বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক হলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে। একই সঙ্গে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচন করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান।