শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, ভুল প্রশ্নে অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান পরীক্ষায় ক্ষতিগ্রস্ত সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, প্রশ্ন প্রণয়নে যে ত্রুটি হয়েছে, তার দায় কোনোভাবেই শিক্ষার্থীদের ওপর বর্তাবে না।
তিনি বলেন, পরীক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় বিষয়টি পর্যালোচনা করে পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের ফলে কোনো শিক্ষার্থী ভুল প্রশ্নের কারণে ফলাফলে ক্ষতিগ্রস্ত হবে না।
তিনি আরও জানান, কীভাবে এ ধরনের ভুল হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
ভবিষ্যতে প্রশ্ন প্রণয়ন ও যাচাই প্রক্রিয়ায় আরও সতর্কতা অবলম্বন করা হবে বলে আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, পরীক্ষা ব্যবস্থার মান ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।