মোঃআতেফ ভূঁইয়া,গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া বাজারের মসজিদ মার্কেট-সংলগ্ন একটি গলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান ও একটি বসতবাড়ি পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।
রোববার (১২ জুলাই) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি এবং রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মাহফুজুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে আটটি দোকান ও একটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন আব্দুল কাইয়ুম, আজাহার আলী, সরোয়ার হোসেন, সাবির মিয়া, মোহাম্মদ রাসেল ও সিপু। এছাড়া ক্ষতিগ্রস্ত বসতবাড়ির মালিক আবুল কাশেম। ক্ষতিগ্রস্তদের দাবি, অগ্নিকাণ্ডে সব মিলিয়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।