বৈঠকে বাংলাদেশ-স্পেন দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
রোববার (৫ জুলাই) দুপুরে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ডা. শফিকুর রহমানের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের প্রথম সৌজন্য সাক্ষাৎ।
বৈঠকে জাতীয় নির্বাচন-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, সদ্য পাস হওয়া জাতীয় বাজেট, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং উন্নয়ন সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি, প্রত্যাশিত সংস্কার, জুলাই জাতীয় সনদ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার বিষয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।
আলোচনায় বাজেট বাস্তবায়নের বিভিন্ন দিক এবং রোহিঙ্গা সংকট, এর চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়েও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
ডা. শফিকুর রহমান বাংলাদেশের সঙ্গে স্পেনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন এবং দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় স্পেনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে স্বাধীন ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখায় স্পেন সরকারের প্রশংসা করেন।
স্পেনের রাষ্ট্রদূতও বাংলাদেশ-স্পেন দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।