নাটোরের গুরুদাসপুরে সারের নীতিমালা অনুযায়ী ব্যবসা না করার দায়ে এক সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেল পাঁচটার দিকে উপজেলার নাজিরপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
জরিমানার শিকার প্রতিষ্ঠানটি হলো মেসার্স মিজান ট্রেডার্স। উপজেলা প্রশাসনের সহায়তায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুল ইসলাম।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুল ইসলাম বলেন, সারের নীতিমালা অনুযায়ী ব্যবসা না করায় ওই সার ডিলারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সারের বাজারে অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম বলেন, সার বিক্রির ক্ষেত্রে ডিলারদের সরকারি নীতিমালা মেনে চলতে হবে। কৃষকেরা যাতে নিয়ম অনুযায়ী সার পান, তা নিশ্চিত করতে বাজার তদারকি করা হচ্ছে।
উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ জানিয়েছে, সারের বিক্রি ও বাজারজাতকরণে অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।