মুশফিক হাওলাদার, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
“তোমাদের সাফল্য আমাদের গর্ব, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের প্রত্যাশা”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার লালমোহন উপজেলায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা-২০২৬-এ A+ ও A গ্রেডপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকালে লালমোহন ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার আয়োজনে মাদ্রাসার হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মোশাররফ হোসাইন-এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. মনিরুল ইসলাম রাসেল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দাখিল পরীক্ষায় A+ ও A গ্রেডপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং তাদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। শিক্ষার্থীরা ভবিষ্যৎতে ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।