মুন্সীগঞ্জ প্রতিনিধি
কারাগারে থাকা সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারোলে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। স্বামী তৌফিক নেওয়াজের মৃত্যুতে দীপু মনির আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক দিক বিবেচনা করে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক তাঁর প্যারোলে মুক্তি মঞ্জুর করেন।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে মারা যান সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন।
স্বামীর মৃত্যুর পর বুধবার দীপু মনির পরিবারের পক্ষ থেকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে তাঁর প্যারোলে মুক্তির আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা প্রশাসক তাঁর প্যারোলে মুক্তির অনুমোদন দেন।
এর ফলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত থাকবেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি।