মুন্সীগঞ্জ প্রতিনিধি
স্বামীর মৃত্যুর ঘটনায় মানবিক বিবেচনায় প্যারোলে মুক্তির আবেদন করেছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তার পরিবারের পক্ষ থেকে বুধবার (১৯ আগস্ট) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে এ আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম।
বুধবার বেলা ১টার দিকে প্যারোলে মুক্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে আইনজীবীসহ দীপু মনির পরিবারের সদস্যরা মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন। আবেদনটি জেলা প্রশাসনের বিবেচনায় রয়েছে। জেলা প্রশাসনের সিদ্ধান্ত পাওয়ার পর দীপু মনির প্যারোলে মুক্তির বিষয়ে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে বলে জানিয়েছে মুন্সিগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ।
এর আগে, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলী নেওয়াজ কারাগারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে দীপু মনির সঙ্গে আলোচনা ও পরামর্শ করে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করেন তার আইনজীবী।
এ সময় দীপু মনির পরিবারের তিনজন সদস্য ও তার আইনজীবী মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে ডা. দীপু মনির পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম বলেন, স্বামীর মৃত্যুর কারণে মানবিক বিবেচনায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে। এখন তারা জেলা প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।
তিনি জানান, প্যারোলে মুক্তির আবেদনটি গৃহীত হলে জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এই শিক্ষামন্ত্রীকে মুক্তি দেওয়ার পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।
এদিকে, স্বামীর শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ দিতে মানবিক দিক বিবেচনায় দীপু মনি প্যারোলে মুক্তি পেতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিবারের সদস্যরা। তবে তার প্যারোলে মুক্তির বিষয়টি শেষ পর্যন্ত জেলা প্রশাসনের অনুমোদনের ওপরই নির্ভর করছে।