বিরোধী দল জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ঝালকাঠি-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
সোমবার (২২ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
বক্তব্যে রফিকুল ইসলাম জামাল বলেন, যে রাজনৈতিক দল ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের দেশে রাজনীতি করার সুযোগ থাকা উচিত নয়। তিনি মহান জাতীয় সংসদে ওই দলের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে বলেন, ফ্যাসিবাদী শক্তির মতো তাদের রাজনৈতিক কার্যক্রমও বন্ধ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, ধর্মের নামে রাজনীতি করে জনগণকে বিভ্রান্ত করা উচিত নয়। স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্যের উল্লেখ করে তিনি বলেন, নামের সঙ্গে ‘ইসলাম’ শব্দ থাকলেই কেউ ইসলামের প্রতিনিধিত্ব করে না। ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার প্রবণতারও সমালোচনা করেন তিনি।
রফিকুল ইসলাম জামাল অভিযোগ করেন, সাম্প্রতিক নির্বাচনগুলোতে ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন তিনি।
তিনি পুনরায় দাবি জানিয়ে বলেন, স্বাধীনতাবিরোধী অবস্থানের ইতিহাস রয়েছে— এমন কোনো রাজনৈতিক দলের বাংলাদেশে রাজনীতি করার সুযোগ থাকা উচিত নয়।