মাহিনুর ইসলাম , বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধিঃ
ইফতারের পর পানির অর্ডার দিতে বেরিয়ে গাড়িতে আঘাত; নিহত বড়লেখার বাসিন্দা। সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে ক্ষেপণাস্ত্র হামলায় আহমদ আলী (৫৫) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। ইফতারের পর গ্রাহকের পানির অর্ডার পৌঁছে দিতে নিজস্ব ট্যাংকার নিয়ে বের হওয়ার পর তার গাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে শেখ খলিফা মেডিক্যাল সিটিতে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আহমদ আলী গাজিটেকা (বাঁশতলা) গ্রামের বাসিন্দা। তিনি
মৌলভীবাজার জেলার অন্তর্গত বড়লেখা উপজেলার বাসিন্দা ছিলেন। দীর্ঘ ২৫ বছর ধরে তিনি সংযুক্ত আরব আমিরাতে প্রবাসজীবন কাটাচ্ছিলেন। গত বছর দেশে এসে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে তিন মাস আগে আবার কর্মস্থলে ফেরেন।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে প্রথমে ‘বোমা হামলায়’ মৃত্যুর খবর আসে। পরদিন হাসপাতাল ও কফিলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়। মৃত্যুর কিছুক্ষণ আগে ভাইদের কাছে পাঠানো একটি ভয়েস বার্তায় তিনি বলেছিলেন, “রাত ১০টার দিকে কথা বলব।” কিন্তু সেই আলাপ আর হয়নি।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নিহত আহমদ আলী দুই ছেলে ও এক মেয়ের জনক। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।