জনপ্রিয় ইসলামী বক্তা ও লেখক ড. মিজানুর রহমান আজহারী একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরপেক্ষ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন। সোমবার (৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দেশের প্রশাসন, দেশপ্রেমিক সেনাবাহিনী ও নির্বাচন কমিশনের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
ড. আজহারী বলেন, আঠারো কোটি মানুষ একটি কাঙ্ক্ষিত ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার পেতে চায়। দায়িত্বপ্রাপ্তদের আন্তরিক সদিচ্ছা ও সঠিক তৎপরতা বাংলাদেশকে নতুন দিগন্তে নিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ আবারও তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে ছাত্র-জনতার হাতে।
নির্বাচনকে শুধু রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং জাতির ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই ঐতিহাসিক সময়ে সবাইকে সচেতন, সংযমী ও ঐক্যবদ্ধ থাকতে হবে। গুজব, উসকানি ও ষড়যন্ত্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতি পরিহারের ওপর জোর দেন।
রাজনীতিবিদদের উদ্দেশে তিনি বলেন, দোষারোপের রাজনীতি নয়, বরং ইতিবাচক কর্মপরিকল্পনা তুলে ধরতে হবে। ভোটকে ‘আমানত’ হিসেবে আখ্যা দিয়ে ড. আজহারী সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থী বাছাইয়ের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
