দেশজুড়ে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগের মধ্যে এবার একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আজহারী লেখেন, “হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ বিলও অস্বাভাবিকভাবে বেড়েছে। পরিচিত অনেকেরই একই অভিযোগ। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।”
এদিকে, চলমান তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাধারণ মানুষ যেমন ভোগান্তিতে পড়ছেন, তেমনি ক্ষতির মুখে পড়েছে ব্যবসা-বাণিজ্যও। বিশেষ করে বিদ্যুৎনির্ভর ছোট ও মাঝারি ব্যবসা পরিচালনায় নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।
অন্যদিকে, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগের প্রেক্ষাপটে দেওয়া এক বিজ্ঞপ্তি কয়েক ঘণ্টার ব্যবধানে সংশোধন করেছে বিদ্যুৎ বিভাগ। প্রথম বিজ্ঞপ্তিতে অতিরিক্ত বিল নিয়ে ‘মিথ্যা তথ্য’ বা ‘অপপ্রচার’ ছড়ালে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছিল।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার পর সংশোধিত বিজ্ঞপ্তিতে ওই অংশ বাদ দিয়ে নাগরিকদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়।