সুযোগ বুঝে যারা দেশে ফিরছেন, নির্বাচনের পর তারাই আবার বিদেশে পাড়ি জমাবেন—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মো. হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে কড়া হুঁশিয়ারিও দেন তিনি।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে পটুয়াখালীর বাউফল উপজেলা পাবলিক মাঠে পটুয়াখালী-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ১০ দলীয় জোটের প্রার্থী শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী প্রচারণা সমাবেশে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের বন্দর ব্যবস্থাপনা নিয়ে দ্বিমুখী নীতি চলছে। একদিকে বিদেশি কোম্পানিকে বন্দর পরিচালনার বিরোধিতা করা হয়, অন্যদিকে বিদেশে বসবাসকারী ব্যক্তিদের সংসদে বসানোর চেষ্টা করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, ঋণখেলাপিরা ব্যাংক লুট করে বিদেশে ‘বেগম পাড়া’ গড়ছে, আর দেশের তরুণ সমাজ মানবেতর জীবনযাপন করছে।
নির্বাচনী পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ভোটকেন্দ্র দখল ও ব্যালট ছাপার হুমকি দেওয়া হচ্ছে। তবে তরুণ প্রজন্মকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। তিনি ভোটের দিন সকালে ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বলেন, কোনো চাঁদাবাজ বা টেন্ডারবাজের হাতে কেন্দ্র ছেড়ে দেওয়া যাবে না।
প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ২০২৪ সাল থেকে শিক্ষা না নিয়ে যদি পুরোনো ছকে নির্বাচন পরিচালনার চেষ্টা করা হয়, তবে তরুণ প্রজন্ম তা মেনে নেবে না।