জুলাই বেঁচে থাকতে গোপালগঞ্জে আওয়ামী লীগের কোনো স্থান থাকবে না”—এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলার সমুচিত জবাব দেওয়া হবে। আমরা ঘোষণা দিচ্ছি—গোপালগঞ্জকে আওয়ামী লীগ মুক্ত করা হবে। নতুন প্রজন্ম তাদের দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, পিছু হটবে না।”
সমাবেশে দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, “ভারতের সেবাদাসরা আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে। কিন্তু এদেশে মুজিববাদী রাজনীতির কোনো স্থান নেই। গণতন্ত্রে বিশ্বাসী মানুষ কখনোই আওয়ামী লীগের ফ্যাসিবাদকে আর মেনে নেবে না।”
তিনি আরও বলেন, “গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য, শহীদদের আত্মত্যাগকে পূর্ণতা দিতে এই আন্দোলন থামানো যাবে না।”
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সচিব ডা. তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
সমাবেশ শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা আলীপুরে নতুন জেলা কার্যালয়ের উদ্বোধন করেন। এরপর তারা আলীপুর গোরস্থানে গিয়ে জুলাই শহীদদের কবর জিয়ারত করেন এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
সমাবেশ শেষে তারা রাজবাড়ীর পথে পদযাত্রার উদ্দেশ্যে রওনা হন, যেখানে পরবর্তী কর্মসূচিতে নতুন রাজনৈতিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।