বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “বিএনপির বিরুদ্ধে যারা কথা বলছেন বা স্লোগান দিচ্ছেন, তাদের বলা উচিত—বুঝে শুনে বলুন। কারণ এই দলের রক্তে ভেজা ইতিহাস আছে, গণতন্ত্রের জন্য বিএনপির ত্যাগ অপরিসীম।”
সোমবার (১৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। সভাটি বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজন করা হয়।
শামসুজ্জামান দুদু বলেন, “খুলনায় সাবেক যুবদল নেতাকে হত্যা, চাঁদপুরে মসজিদের ইমামের ওপর হামলা এবং মিটফোর্ডে যুবদল কর্মীর নির্মম হত্যাকাণ্ড—এসবই পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে। লক্ষ্য একটাই—নির্বাচনের পরিবেশ নষ্ট করে গণতন্ত্রকে রুদ্ধ করে দেওয়া।”
তিনি মিটফোর্ড হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানান এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
দুদু অভিযোগ করে বলেন, “নিহত যুবদল কর্মীকে নিয়ে চাঁদাবাজির অপপ্রচার ছড়ানো হচ্ছে। এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। উদ্দেশ্য—বিএনপিকে কলঙ্কিত করা এবং আন্দোলনকে দমন করা।”
ছাত্রদলের সাবেক এই সভাপতি আরও বলেন, “যারা বলছেন সংস্কার ছাড়া নির্বাচন হলে তারা বাধা দেবে—তাদের মনে রাখা উচিত, যদি গণতন্ত্র প্রতিষ্ঠা না হয়, তাহলে ইতিহাস তাদের স্বৈরাচারের দোসর হিসেবে মনে রাখবে।”
তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “এই মুহূর্তে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বিএনপির পথেই সেই গণতন্ত্র ফিরবে, ষড়যন্ত্র নয়।”