জাতীয় সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্যদের জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
তার অভিযোগ, সংসদে প্রধানমন্ত্রীকে প্রশংসা করে কবিতা আবৃত্তির সুযোগ দেওয়া হলেও বিরোধীদের গঠনমূলক সমালোচনার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয় না।
সোমবার (১৬ নভেম্বর) সংসদ অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, সংসদে প্রশ্ন করার জন্য তাকে দীর্ঘ সময় হাত তুলে অপেক্ষা করতে হয়েছে। প্রায় ১৯ মিনিট অপেক্ষার পর একটি সম্পূরক প্রশ্ন করার সুযোগ পেয়েছেন। বিরোধী দলের প্রশ্নগুলো নোটিশ আকারেও রাখা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
তৈরি পোশাকশিল্পের চলমান সংকট নিয়ে সংসদে আলোচনা করতে না দেওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার দাবি, আলোচ্যসূচিতে বিষয়টি থাকার পরও অধিবেশন মুলতবি করা হয় এবং পরবর্তী কার্যতালিকায় তা রাখা হয়নি।
গার্মেন্টস খাতের সংকট তুলে ধরে তিনি বলেন, শ্রমিকদের বেতন না বাড়লেও দ্রব্যমূল্য ও গ্যাসের দাম বেড়েছে। অন্যদিকে গ্যাস সংকট, ক্রয়াদেশ কমে যাওয়া এবং বিভিন্ন দপ্তরে দুর্নীতি ও ঘুষের কারণে মালিকরাও সমস্যায় রয়েছেন।
সংসদে জাতীয় ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলেও অভিযোগ করেন এনসিপির এই সংসদ সদস্য।