প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগে রাজধানীর তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু।
সোমবার (১৬ নভেম্বর) জিডি করার পর সাংবাদিকদের তিনি জানান, গত আট থেকে নয় দিন ধরে একটি গোষ্ঠী তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। এমনকি জাতীয় সংসদে বসেও টানা দুই দিন একই ধরনের হুমকি পেয়েছেন তিনি।
মাহমুদা মিতু বলেন, ককটেল হামলা ও বিভিন্ন বিশৃঙ্খল পরিস্থিতির পর থেকে হুমকির মাত্রা বেড়েছে। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও এখন পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তার পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিয়েও শঙ্কা রয়েছে।
হুমকির ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে ভারত থেকে ফোনকল পাওয়ার অভিযোগ করে জানান, এ-সংক্রান্ত স্ক্রিনশট ও তথ্যপ্রমাণ তার কাছে রয়েছে।
তিনি বলেন, বিষয়টি নিয়ে ভারতীয় হাইকমিশনারকে তলব করে সরকারের ব্যাখ্যা চাওয়া উচিত। এ ছাড়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক তৎপরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
সংসদ সদস্য হয়েও নিরাপত্তার জন্য থানায় জিডি করতে হওয়াকে দুঃখজনক উল্লেখ করে মাহমুদা মিতু বলেন, একজন জনপ্রতিনিধিই যদি নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?