বিএনপির প্রধান সমস্যা হলো, দলটি আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী সামান্তা শারমিন। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য দেশে আওয়ামী লীগের কোনো প্রয়োজন নেই।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সামান্তা শারমিন বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখা হবে, নাকি ফ্যাসিবাদী চরিত্র হিসেবে চিহ্নিত করা হবে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট হওয়া প্রয়োজন। যারা জীবন দিয়ে লড়াই করেছেন, তারা আওয়ামী লীগকে ফ্যাসিবাদ হিসেবেই দেখেন বলে মন্তব্য করেন তিনি।
সরকারের প্রতি জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভয়ের সংস্কৃতি তৈরি করে নয়, বরং রাজনৈতিক আলোচনার মাধ্যমে সব দল ও পক্ষকে ঐক্যবদ্ধ করতে হবে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ সংস্কার এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর করা জরুরি। দলীয় নিয়োগ ও প্রশাসক নিয়োগের সমালোচনা করে তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে।
এ সময় হাজারীবাগ ও রামপুরায় ককটেল বিস্ফোরণ, হামলা ও চাঁদাবাজির অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেন সামান্তা শারমিন। এসব ঘটনা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলেও মন্তব্য করেন তিনি।