সারের ডিলারশিপ বণ্টনে দলীয়করণ, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ।
জনপ্রতিনিধিদের আত্মীয়-স্বজনের নামে ডিলারশিপ দেওয়ার সমালোচনা করে তিনি প্রশ্ন তুলেছেন, এমপি হলেই তার স্ত্রী, সন্তান কিংবা আত্মীয় ব্যবসায়ী হয়ে যাবেন—এই সংস্কৃতি কবে বন্ধ হবে?
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংশ্লিষ্ট মন্ত্রীর উদ্দেশে এক সম্পূরক প্রশ্নে তিনি এসব কথা বলেন।
সংসদে বক্তব্যে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, সারের ডিলারশিপ বণ্টনে বিভিন্ন জেলায় ব্যাপক দলীয়করণ ও অনিয়ম হয়েছে। ঠাকুরগাঁওয়ের ৩১টি ডিলারশিপের মধ্যে ২৮ জনই বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করেন তিনি। তাঁদের মধ্যে অন্তত ১০ জন বিভিন্ন নেতার স্ত্রী, সন্তান ও নিকটাত্মীয়।
এ ছাড়া নাটোরে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত এক সংসদ সদস্যের সন্তানকেও ডিলারশিপ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সংরক্ষিত নারী আসনের কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধেও অর্থের বিনিময়ে ডিও লেটার দেওয়ার অভিযোগ তোলেন এনসিপির এই নেতা। তাঁর দাবি, নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি ডিও বিতরণের মাধ্যমে ডিলারশিপ বণ্টনে অনিয়ম করা হয়েছে।
হাসনাত আবদুল্লাহ বিতর্কিত ডিলারশিপগুলো বাতিল করে পুনর্বিবেচনার দাবি জানান। একই সঙ্গে জনপ্রতিনিধিদের ক্ষমতা ব্যবহার করে পরিবারের সদস্য ও আত্মীয়দের ব্যবসায়িক সুবিধা দেওয়ার সংস্কৃতি বন্ধে সরকারের সুস্পষ্ট পদক্ষেপ জানতে চান।