কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মহিপুরে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তের ঢাল দখল করে গড়ে উঠেছে শতাধিক দোকান ও বিভিন্ন স্থাপনা। সরকারি সম্পত্তি দখল করে রাতের আঁধারে এসব স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।
গুরুত্বপূর্ণ এই সেতুর দুই পাশে দোকান ও ফুডকোর্ট গড়ে ওঠায় বাড়ছে মানুষের সমাগম, সৃষ্টি হচ্ছে যানজট। একই সঙ্গে বাড়ছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি। তবে দীর্ঘদিন ধরে এসব স্থাপনা গড়ে উঠলেও উচ্ছেদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তের ঢাল ও আশপাশের সরকারি জায়গা দখল করে সারি সারি দোকান ও ফুডকোর্ট নির্মাণ করা হয়েছে। প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত এসব দোকানে বিভিন্ন বয়সী মানুষের ভিড় জমে। খাবার খেতে আসা মানুষের ভিড়ে সেতুর দুই প্রান্তে প্রায়ই জনসমাগম তৈরি হয়। এতে ব্যস্ত মহাসড়কে যানবাহন ও পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
সেতুর মহিপুর প্রান্তটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা হিসেবে পরিচিত। এ প্রান্তে রয়েছে মহিপুর থানা, মহিপুর উপ-স্বাস্থ্যকেন্দ্র, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মহিপুর ইউনিয়ন পরিষদ, বন বিভাগের মহিপুর রেঞ্জ কার্যালয় এবং বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) সঙ্গে সংযোগ সড়ক।
এসব সড়ক দিয়ে প্রতিদিন শত শত মাছবাহী ট্রাক, পিকআপ, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। অন্যদিকে, সেতুর আলিপুর প্রান্ত দিয়ে প্রতিদিন হাজারো মানুষ আলিপুর বাজারে যাতায়াত করেন। ফলে সেতুর উভয় প্রান্তে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ফুডকোর্ট ঘিরে মানুষের অতিরিক্ত সমাগম যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এতে ব্যস্ততম এই সড়কে দুর্ঘটনার ঝুঁকি ক্রমেই বাড়ছে।
স্থানীয়দের আশঙ্কা, সেতুর ঢাল ও সংযোগ সড়কের পাশে এভাবে দোকানপাট গড়ে ওঠায় সড়কের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। বিশেষ করে দূরপাল্লার বাস, মাছবাহী ট্রাক ও স্থানীয় যানবাহন চলাচলের সময় পথচারীদের অনিয়ন্ত্রিত চলাচল যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
স্থানীয়দের অভিযোগ, সরকারি সম্পত্তি দখল করে একের পর এক স্থাপনা নির্মাণ করা হলেও সংশ্লিষ্ট প্রশাসন ও সড়ক কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ফলে দখলের পরিধি ক্রমেই বাড়ছে। গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক ও সেতুর দুই প্রান্তে প্রকাশ্যে এত স্থাপনা গড়ে উঠলেও কর্তৃপক্ষের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।
তাঁদের প্রশ্ন, বড় ধরনের কোনো দুর্ঘটনা কিংবা প্রাণহানির ঘটনা ঘটার পরই কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়বে? জননিরাপত্তা নিশ্চিত করতে আগেভাগেই কেন নেওয়া হচ্ছে না কার্যকর ব্যবস্থা?
স্থানীয় সচেতন মহলের দাবি, দ্রুত সেতুর দুই প্রান্তের অবৈধ স্থাপনা উচ্ছেদ, সরকারি সম্পত্তি দখলের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সেতুর আশপাশে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও সড়ক কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, বড় ধরনের দুর্ঘটনা এড়ানো, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সম্পত্তি রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।