নতুন ধানের ঘ্রাণ, বাহারি পিঠাপুলি আর গ্রামীণ খেলাধুলার আনন্দে উৎসবমুখর হয়ে উঠেছে পটুয়াখালীর গলাচিপা। কৃষক-কৃষাণির মিলনমেলা, দেশীয় খাবারের আয়োজন ও হারিয়ে যেতে বসা গ্রামীণ খেলাধুলার মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। এ আয়োজন যেন নতুন প্রজন্মের সামনে তুলে ধরেছে বাংলার কৃষি, সংস্কৃতি ও সম্প্রীতির চিরচেনা রূপ।
সোমবার (১৬ নভেম্বর) বাংলা ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাচারীকান্দায় মুগডাল উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের উঠোনে এ উৎসবের আয়োজন করা হয়। সারা বাংলা কৃষক সোসাইটির (এসবিকেএস) উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ উৎসবে মুগডাল, বাদাম ও তরমুজসহ বিভিন্ন ফসল উৎপাদনকারী ১০টি কৃষক সমবায় সমিতির প্রায় ২০০ জন কৃষক-কৃষাণি অংশ নেন।
সকাল থেকেই উৎসবস্থলে ছিল আনন্দঘন পরিবেশ। নতুন পোশাকে সজ্জিত কৃষক-কৃষাণিরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন। র্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, গ্রামীণ খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠাপুলির আয়োজন।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল দেশীয় খাবার ও কৃষিপণ্যের প্রদর্শনী। সাতটি স্টলে সাজানো হয় নকশি পিঠা, পুলি, ভাপা পিঠা, নাড়ু, মলিদা, মুড়কি, খই, মুড়ি, চালভাজা, নারকেল ও পায়েসসহ গ্রামবাংলার নানা ঐতিহ্যবাহী খাবার। পাশাপাশি প্রদর্শিত হয় স্থানীয়ভাবে উৎপাদিত মুগডাল, বাদাম, নারকেলসহ বিভিন্ন কৃষিপণ্য।
শুধু খাবার আর আড্ডা নয়, উৎসবজুড়ে ছিল গ্রামীণ খেলাধুলার জমজমাট আয়োজন। হাডুডু, হাঁড়িভাঙা, মোরগ লড়াই, বল পাস ও বেলুন ফোটানো খেলায় শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবে যোগ করে বাড়তি মাত্রা। এসব আয়োজনের মধ্য দিয়ে ফিরে আসে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা শৈশবের চেনা স্মৃতি।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সারা বাংলা কৃষক সোসাইটির সভাপতি রিতা ব্রাম্মা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের নির্বাহী সদস্য অঞ্জলি বৈদ্য, আঞ্চলিক প্রকল্প সমন্বয়কারী এসএম রঞ্জু, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মাঠ সহায়ক মোবিনা সুলতানা তন্বী,
এফবিএফ প্রতিনিধি রেহেনা বেগম, কাচারীকান্দা মুগডাল উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি মানসুরা বেগম, সারা বাংলা কৃষক সোসাইটির ব্যবসা সহায়ক আবদুল মন্নান এবং দক্ষিণ দুমকি গাভী পালন সমবায় সমিতির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু।
বক্তারা বলেন, নবান্ন বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নতুন ফসল ঘরে তোলার আনন্দকে কেন্দ্র করে একসময় ধর্ম-বর্ণনির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ এ উৎসবে শামিল হতেন। কিন্তু আধুনিকতার প্রভাবে ঐতিহ্যবাহী এ আয়োজন ক্রমেই হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মও ধীরে ধীরে গ্রামীণ সংস্কৃতি থেকে দূরে সরে পড়ছে।
তাঁরা আরও বলেন, তরুণদের একটি অংশ মাদকের মতো নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এ অবস্থায় নবান্ন উৎসবের মতো সাংস্কৃতিক আয়োজন বাড়ানো গেলে তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে তারা নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও শেকড়ের সঙ্গে নতুন করে পরিচিত হওয়ার সুযোগ পাবে।
বক্তারা কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা, প্রান্তিক কৃষকের আর্থিক নিরাপত্তা এবং টেকসই কৃষিব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, কৃষকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি কৃষিভিত্তিক সংস্কৃতির চর্চাও সমানভাবে জরুরি।
উল্লেখ্য, ২০১৩-২০১৪ সালের দিকে প্রতিষ্ঠিত সারা বাংলা কৃষক সোসাইটি (এসবিকেএস) ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সংগঠিত করে তাঁদের আর্থসামাজিক উন্নয়ন এবং নীতিনির্ধারণী পর্যায়ে কৃষকের মতামত তুলে ধরতে কাজ করছে। বরিশাল ও রংপুরে আঞ্চলিক কার্যালয়সহ দেশের বিভিন্ন অঞ্চলে সংগঠনটির কার্যক্রম বিস্তৃত রয়েছে। কৃষিভিত্তিক সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণে সংগঠনটি বিভিন্ন এলাকায় নবান্ন উৎসবের আয়োজন করে আসছে।
অনুষ্ঠানে সারা বাংলা কৃষক সোসাইটির সভাপতি রিতা ব্রাম্মা সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করতে সদস্যদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি নবান্ন উৎসবের আনন্দ দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়া এবং প্রাচীন এ ঐতিহ্য সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় কৃষক-কৃষাণির আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের মিলনমেলায়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকদের প্রত্যাশা, এমন উদ্যোগের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে নবান্নের হারানো ঐতিহ্য আবারও পরিচিত হয়ে উঠবে এবং গ্রামবাংলার কৃষিভিত্তিক সংস্কৃতি ফিরে পাবে নতুন প্রাণ।