ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শর্ত দেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারত আনুষ্ঠানিক কোনো শর্ত জানালে সরকার তা বিবেচনা করবে। তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্য যেকোনো আসামির মতো শেখ হাসিনাকেও দেশে ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে আইন মন্ত্রণালয় কাজ করছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক শুধু শেখ হাসিনা ইস্যুতে সীমাবদ্ধ নয়। মুক্তিযুদ্ধের সময় থেকে দুই দেশের সম্পর্কের ভিত্তি তৈরি হয়েছে। দ্বিপক্ষীয় বিভিন্ন অমীমাংসিত বিষয় কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
ভারতে অবস্থান করে আওয়ামী লীগের কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ তুলে তিনি বলেন, এ বিষয়ে সরকারের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে।
এদিকে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ প্রসঙ্গে শামা ওবায়েদ জানান, সচিব পর্যায়ে এ বৈঠক হওয়ার কথা। দুই পক্ষের সম্মতিতে এটি কিছুদিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের সম্ভাব্য দুটি শর্তের কথা প্রকাশ করা হয়েছিল। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো শর্ত জানানো হয়নি।