দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জনদুর্ভোগের জন্য সরকারের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সরকার জনগণের পেটে লাথি দিয়েছে। তাই তাদের শিক্ষা দেওয়ার সময় এসেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তাদের করা এক জরিপে দেখা গেছে, আশপাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশে দ্রব্যমূল্য ২০ শতাংশ বেশি। সরকার জনগণের পেটে লাথি দিয়েছে। এখন তাদের শিক্ষা দেওয়ার সময় এসেছে।
রাজধানীর পরিবহনব্যবস্থা নিয়ে তিনি বলেন, ঢাকা শহরে অটোরিকশা চলাচল বন্ধ করতে হবে। তবে এর আগে জনবান্ধব গণপরিবহন ব্যবস্থা চালু করতে হবে। একই সঙ্গে তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।
গ্যাস সংকটের চিত্র তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে তারা দেখেছেন, অনেক বাসায় গ্যাস নেই। মানুষ রান্না করতে পারছে না। অন্যদিকে সরকারি নির্ধারিত এক হাজার ৮৩৭ টাকা দামের এলপিজি সিলিন্ডার তিন হাজার ৫০০ টাকায় কিনতে হচ্ছে।
তিনি আরও বলেন, ঢাকা শহরে অটোরিকশা চলাচল ও ফুটপাত দখলের দৌরাত্ম্য বেড়েছে। বর্তমান ঢাকা আর আগের মতো নেই। এসব সমস্যা ও জনদুর্ভোগের প্রতিবাদ জানাতেই তারা গণবিক্ষোভের আয়োজন করেছেন।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন। যারা উপজেলা চেয়ারম্যান, কাউন্সিলর কিংবা মেয়র পদে নির্বাচন করতে চান, তাদের এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে চাঁদাবাজদের জন্য দলে কোনো জায়গা নেই বলেও স্পষ্ট করেন।
চার দফা দাবি আদায়ে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ গণবিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। প্রধান বক্তা ছিলেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।