জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, জুলাই গণহত্যার বিচারপ্রক্রিয়ায় দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। বরং এসব মামলা নিয়ে বাণিজ্য চলছে। আহত ও শহীদ পরিবারের সদস্যরা মামলার জটিলতা, সাক্ষীর সংকট ও অর্থ লেনদেনের অভিযোগে ভোগান্তির শিকার হচ্ছেন।
একই সঙ্গে তাঁদের কর্মসংস্থান ও ভাতা দেওয়ার প্রতিশ্রুতিও পূরণ হয়নি।মঙ্গলবার রাজধানীতে এনসিপির কার্যালয়ে ‘জুলাই গণহত্যার বিচার: রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতার ব্যবধান’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এসব অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ।তিনি বলেন, বিচারপ্রক্রিয়া সরকারের কাছে দায়সারা বিষয়ে পরিণত হয়েছে।
বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ। ভুক্তভোগীদের না জানিয়ে ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। পরে অর্থের বিনিময়ে এসব মামলা মীমাংসা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।বর্তমান আইনমন্ত্রীর বিরুদ্ধে ভোটের স্বার্থে আওয়ামী লীগের এক নেতাকে জামিন পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে হাসনাত বলেন, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং সারা দেশের চিত্র। বিএনপির পুরোনো ও নতুন—উভয় অংশের কিছু নেতা মামলা-বাণিজ্যের সঙ্গে জড়িত বলেও দাবি করেন তিনি।
সরকারের কর্মসংস্থানসংক্রান্ত তথ্যের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, এক কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতির বিপরীতে এখন ৩০ লাখ কর্মসংস্থানের কথা বলা হচ্ছে। তরুণদের দোকান বরাদ্দ দেওয়া এবং সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের সার ডিলারশিপ দেওয়াকে কর্মসংস্থান হিসেবে দেখানো হচ্ছে।
তাঁর অভিযোগ, থানাগুলো বিএনপি নেতাদের আয়ের উৎসে পরিণত হয়েছে।হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের প্রতি উদার মনোভাব দেখিয়েছে। অন্যদিকে, বর্তমান বিএনপি সরকার আন্দোলনকারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা পলাতক রয়েছেন কিংবা তাঁদের বিচারের আওতায় আনা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। তাঁর মতে, জুলাই গণহত্যার ঘটনায় শুধু ব্যক্তির নয়, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার নিশ্চিত করতে হবে।বিএনপি সরকারকে ‘ফিটনেসবিহীন গাড়ি’র সঙ্গে তুলনা করে হাসনাত বলেন, গাড়ির স্টিয়ারিং ও ইঞ্জিন ঠিক না থাকলে দক্ষ চালক তারেক রহমানও দুর্ঘটনা এড়াতে পারবেন না।
তাঁর অভিযোগ, দেশের অর্থনীতির প্রায় সব খাত সংকটের মুখে রয়েছে এবং সরকার ব্যবসার কেন্দ্রে পরিণত হয়েছে।বক্তব্যের শেষ পর্যায়ে তৃণমূল পর্যায়ের রাজনৈতিক কর্মীদের অন্ধ আনুগত্য পরিহার করে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান এনসিপির এই নেতা।