ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন। নির্বাচনের পরদিন শুক্রবার (৩০ অক্টোবর) সকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসেনের বাসায় ফুলের তোড়া নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
এ সময় দুই নেতা পরস্পরকে কোলাকুলি করেন এবং মিষ্টিমুখ করান। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা কুশল বিনিময় করেন।
সাক্ষাৎকালে মির্জা ফয়সল আমীন দলীয় মতপার্থক্য ভুলে দেলাওয়ার হোসেনকে সঙ্গে নিয়ে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। জবাবে জামায়াতের এই নেতা ঠাকুরগাঁওয়ের যেকোনো উন্নয়নমূলক কাজে পাশে থাকার আশ্বাস দেন।
এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন।
নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট।
দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৩৩৬।