দেশে হত্যা, সহিংসতা, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের তৎপরতা ও রাজনৈতিক সংঘাত বেড়েই চলেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সরকারি দলের অভ্যন্তরীণ কোন্দলেও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে উল্লেখ করে তিনি দাবি করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এদিকে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ ও জ্বালানি সংকট নিরসনসহ সাত দফা দাবিতে শনিবার (৩১ অক্টোবর) ঢাকা থেকে খুলনা ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া অভিমুখে ৪১০ কিলোমিটার দীর্ঘ লংমার্চের আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য।
কর্মসূচি সম্পর্কে গোলাম পরওয়ার বলেন, সরকারের ব্যর্থতা ও প্রতিশ্রুতি বাস্তবায়ন না করার প্রতিবাদে আয়োজিত এ লংমার্চ আগের দুটি কর্মসূচির তুলনায় সবচেয়ে দীর্ঘ হতে যাচ্ছে। ঢাকা ও আশপাশের জেলা ছাড়াও মোট ১৯টি জেলার নেতাকর্মী ও সমর্থকেরা এতে অংশ নেবেন। বহরে প্রায় দেড় হাজার গাড়ি যুক্ত হওয়ার আশা রয়েছে।
সংবাদ সম্মেলনে সাত দফা দাবি ব্যাখ্যা করে তিনি বলেন, একই দিনে অনুষ্ঠিত দুটি ভোটের একটির ভিত্তিতে প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য নির্বাচিত হয়ে অন্যটির গণরায় অস্বীকার করা জনগণের সঙ্গে বিশ্বাসভঙ্গের শামিল। সরকার আন্তরিক হলে আগামী ৯ নভেম্বরের সংসদ অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডেকে বিরোধী দলের সহযোগিতায় এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে পারে।
তিনি আরও বলেন, জুলাই গণহত্যার আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও জ্বালানি সংকট নিয়ন্ত্রণ এবং প্রশাসন, সচিবালয়, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনসহ রাষ্ট্রের সব পর্যায়ে দলীয়করণ বন্ধ করতে হবে।
দেশে দুর্নীতি, টেন্ডারবাজি, ডিলারশিপ বাণিজ্য ও চাঁদাবাজির সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, ‘চাঁদাবাজির ধরন পরিবর্তন হয়নি, শুধু চাঁদাবাজদের পরিচয় ও দলের নাম পরিবর্তন হয়েছে।’
লংমার্চের প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, ঢাকা ও খুলনা রেঞ্জের পুলিশ প্রশাসন, জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয় করা হয়েছে। এ কর্মসূচিতে সহযোগিতার আশ্বাসও পাওয়া গেছে।
মহাসড়কে সাধারণ মানুষের সম্ভাব্য সাময়িক ভোগান্তির জন্য আগাম দুঃখ প্রকাশ করে তিনি বলেন, যানজট এড়াতে মহাসড়কের এক পাশ ব্যবহার করে লংমার্চ পরিচালনা করা হবে।
এ সময় নেতাকর্মীদের ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। বহরের নিরাপত্তা, চিকিৎসা, অ্যাম্বুলেন্স, সাংস্কৃতিক ও মিডিয়া টিমের নির্দেশনা অনুসরণের পাশাপাশি টোল পরিশোধ এবং প্রয়োজনীয় খাবার ও ওষুধ সঙ্গে রাখার পরামর্শ দেন তিনি।