পিরোজপুর প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে ট্রাকচাপায় পুলিশের উপপরিদর্শক (এসআই) ও বিএনপির এক নেতাকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ট্রাকচালক মো. মাজহারুল ইসলামকে (২৫) পিরোজপুরের জিয়ানগর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে এসআরবি-৮, বরিশালের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সাথী আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে পিরোজপুরের জিয়ানগর উপজেলার টগড়া-চরখালী ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে মাজহারুলকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৮, বরিশাল ও এসআরবি-১, গাজীপুরের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর রাত আড়াইটার দিকে কালীগঞ্জ শ্রমিক কলেজের প্রধান ফটকের পশ্চিম পাশে টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কে চোর সন্দেহে দুই ব্যক্তিকে তল্লাশি করছিলেন কালীগঞ্জ থানার পুলিশ সদস্যরা। এ সময় সেখানে উপস্থিত হন কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫)।
পরে রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিটে টঙ্গী থেকে ঘোড়াশালগামী দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্য ও বিএনপি নেতাকে সজোরে ধাক্কা দেয়। এতে পিএসআই জাবেদ ওমর ও কনস্টেবল ফজলে রাব্বি গুরুতর আহত হন। ট্রাকটি রফিকুল ইসলাম মোল্লার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ সময় ট্রাকটি থামানোর চেষ্টা করেন এসআই মো. মিজানুর রহমান। কিন্তু চালক ট্রাকের গতি বাড়িয়ে তাঁকে সামনের অংশে ঝুলন্ত অবস্থায় প্রায় ৫০০ গজ টেনে নিয়ে ফেলে দিয়ে পালিয়ে যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ৪৭ মিনিটে মারা যান এসআই মিজানুর রহমান।
এ ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
এসআরবি-৮-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সাথী আক্তার জানান, চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারে এসআরবি-১ ও এসআরবি-৮-এর যৌথ দল অভিযান পরিচালনা করে।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান জানান, গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসআরবি সদস্যরা মাজহারুল ইসলামকে থানায় হস্তান্তর করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।