আগামী পাঁচ বছরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার উপযুক্ত হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, বর্তমানে যারা সমাবেশে অংশ নিচ্ছেন, ভবিষ্যতে তাদের সংখ্যা দ্বিগুণ, পাঁচ গুণ এমনকি ১০ গুণ হবে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, আগামী দিনে এনসিপির জনসমর্থন আরও বাড়বে। সমাবেশে অংশ নেওয়া মানুষের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকার বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও সেগুলোর বাস্তবায়ন দেখা যাচ্ছে না। অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।
রাজধানীর ফুটপাত উচ্ছেদ অভিযান নিয়ে অভিযোগ তুলে আসিফ মাহমুদ বলেন, ঢাকা সিটি করপোরেশনের প্রশাসকেরা দলীয় লোকজনকে সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযানের নামে চাঁদাবাজির নতুন ব্যবস্থা গড়ে তুলছেন।
তিনি অভিযোগ করেন, আগে সকালে উচ্ছেদ অভিযান চালানোর পর ৫০০ টাকা দিলে ফুটপাতে আবার ব্যবসা করার সুযোগ পাওয়া যেত। এখন বিকেলে দুই হাজার টাকা দিলে বসতে দেওয়া হচ্ছে বলে হকারদের জানানো হচ্ছে।
আগামী নির্বাচন প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে—যারা গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়েছে, তাদের ভোট দেবে, নাকি দেশের জন্য কাজ করতে আগ্রহী ব্যক্তিদের সমর্থন করবে।
সমাবেশে এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।