সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও দলীয় বিরোধ সৃষ্টির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের অর্থোপেডিক সার্জন ইসমাইল হোসেনকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সংগঠনের কর্মী ইসমাইল হোসেনের বিরুদ্ধে জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির মতো গুরুতর অভিযোগ ওঠে। এসব অভিযোগ তদন্তের পর তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী ইসমাইলকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা চলাফেরা না করার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ইসমাইল হোসেন দাবি করেন, তিনি কখনো জামায়াতের কর্মী ছিলেন না। তবে তিনি সংগঠনটির শুভাকাঙ্ক্ষী ছিলেন এবং ইসলামী ছাত্রশিবির করেছেন বলে জানান।
এর আগে গত ১২ নভেম্বর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সহসভাপতির পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছিল।
এ ছাড়া হাসপাতালের শেয়ার বিক্রি নিয়ে বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ ম্যাক্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে তার চেম্বার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।