রাজধানী ঢাকায় নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মহানগরীর প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে প্রতিদিন একটি করে নাগরিক সমাবেশ আয়োজন করা হবে। পাশাপাশি মিছিল, সভা ও গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচি পালন করবেন দলটির নেতাকর্মীরা।
সেলিম উদ্দিন জানান, কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মহানগরী উত্তর অতিরিক্ত ৬০ দিনের কর্মসূচি গ্রহণ করেছে।
সংবাদ সম্মেলনে তিনি রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সহিংসতা ও নাশকতা প্রতিরোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এ সময় তিনি সহিংসতার নিরপেক্ষ তদন্ত, অপরাধীদের বিচার, পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা এবং চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ সরকারের প্রতি পাঁচ দফা আহ্বান জানান। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্রীয় সংস্কারের দাবিও পুনর্ব্যক্ত করেন জামায়াতের এ নেতা।