জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরতে পারবেন না এবং তার লাশও দেশে জানাজা পাবে না।
সোমবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে পিরোজপুর শহরে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা ও পথসভায়’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে সারোয়ার তুষার বলেন, “এই বাংলাদেশে শেখ হাসিনার আর আসা হবে না, তার জানাজা হবে না, তার কবর হবে না।” তিনি আরও বলেন, একজন মুসলমানের সন্তান হিসেবে এর চেয়ে বড় কলঙ্ক আর কিছু হতে পারে না।
এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনাও করেন। সারোয়ার তুষারের ভাষ্য, গণভোট নিয়ে সরকারের বর্তমান অবস্থান তাদের আগের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। তিনি দাবি করেন, গণভোটকে অবৈধ বলা হলে অতীতের রাজনৈতিক সিদ্ধান্ত ও সরকার গঠনের বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে। গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, জনগণ তাদের দাবি থেকে সরে আসবে না।
পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ড. শামিম হামিদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা এনসিপির সভাপতি হুমায়ুন কবির। সঞ্চালনা করেন জেলা সদস্যসচিব মাইনুল আহসান মুন্না।