শুধু নেতৃত্বের পরিবর্তন নয়, রাষ্ট্র ও সমাজে নীতির পরিবর্তন চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামের আদর্শ ও শরিয়াহ বাস্তবায়নই দলটির মূল লক্ষ্য। আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতায় যেতে চায় না তারা বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।
শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর বিএমএ মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ষষ্ঠ নগর যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে শায়খে চরমোনাই বলেন, ভোট বেশি পাওয়া কিংবা কম পাওয়াই সফলতার মাপকাঠি নয়। বরং আদর্শ কতটা বাস্তবায়ন করা যাচ্ছে, সেটিই প্রকৃত সফলতা। তাঁদের গড়ে দেওয়া পথ ধরে পরবর্তী প্রজন্ম যেন আরও এগিয়ে যেতে পারে, সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
তিনি আরও বলেন, ট্রান্সজেন্ডার আইন বাস্তবায়নের উদ্যোগ দেশের মুসলমানরা মেনে নেবে না। সন্ত্রাস, চাঁদাবাজি, খুন ও ধর্ষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে জনদুর্ভোগ বাড়ছে উল্লেখ করে তিনি এর পরিবর্তন দাবি করেন।
জাপানের সঙ্গে প্রস্তাবিত চুক্তির বিষয়ে ফয়জুল করীম বলেন, এতে বাংলাদেশের স্বার্থ কতটুকু এবং ভারতের স্বার্থ কতটুকু, তা জাতির সামনে স্পষ্ট করতে হবে। বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন হয়, এমন কোনো চুক্তি করা যাবে না। এ ছাড়া মাদ্রাসা শিক্ষাকে পরিকল্পিতভাবে ক্ষতিগ্রস্ত করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সব অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা অলিউল্লাহ তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুফতি মানসুর আহমদ সাকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন নগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব কেএম আতিকুর রহমান এবং আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলটির মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলুল করিম মারুফ।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সমাজকল্যাণ সদস্য আলহাজ আব্দুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী এবং শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি এমএইচ মোস্তফা।
সম্মেলনে আগের সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে শওকত ওসমান, সহসভাপতি হিসেবে মোহাম্মদ রায়হান উদ্দিন মিনা এবং সাধারণ সম্পাদক হিসেবে কে এম নাসির উদ্দিনের নাম ঘোষণা করা হয়।