‘আল্লাহ আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন, ইচ্ছে করে সিজদা থেকে মাথা না তুলি’—এমন অনুভূতির কথা বলেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান লুৎফুজ্জামান বাবর।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের ছেলে আলী আহমাদ মাবরুর তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে সংসদ ভবনের মসজিদে বাবরের সঙ্গে হওয়া একটি সাক্ষাতের স্মৃতিচারণ করে এ তথ্য জানান।
মাবরুর লিখেছেন, সংসদের অধিবেশন চলাকালে মাগরিবের নামাজ শেষে তিনি লক্ষ্য করেন, লুৎফুজ্জামান বাবর দীর্ঘ সময় ধরে নফল নামাজে সিজদায় রয়েছেন। নামাজ শেষ হলে তিনি বাবরের সঙ্গে কথা বলেন এবং অতীতের স্মৃতি স্মরণ করেন। এ সময় বাবর তাকে চিনতে পেরে আলী আহসান মুজাহিদের প্রসঙ্গ তোলেন এবং আবেগাপ্লুত হয়ে পড়েন।
দীর্ঘ সিজদার কারণ জানতে চাইলে বাবর বলেন, আল্লাহ তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন, দীর্ঘ ১৭ বছরের কারাবাস ও কনডেম সেলের জীবন পার করে আবার সংসদে আসার সুযোগ দিয়েছেন। তাই যতই সিজদা করেন না কেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা পুরোপুরি আদায় করা সম্ভব নয় বলে তিনি অনুভব করেন।
পোস্টে আলী আহমাদ মাবরুর উল্লেখ করেন, বাবরের বিনয়, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং ইবাদতের দৃশ্য তার হৃদয় ছুঁয়ে গেছে। মসজিদ থেকে বের হওয়ার সময় বাবরের সঙ্গে একটি স্মারক ছবিও তোলেন তিনি। বিদায়ের সময় বাবর তার পরিবারের জন্য দোয়া করেন বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়।